হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, দেশের হাওজায়ে ইলমিয়ার প্রধান আয়াতুল্লাহ আলী রেজা আরাফি কোমের ফাইযিয়া ও দারুশ শিফা মাদ্রাসা পরিদর্শনকালে হাওজা ও আলেম সমাজের নথি সংরক্ষণ কেন্দ্রে উপস্থিত হন। সেখানে তিনি কেন্দ্রটির বিভিন্ন বিভাগ ও প্রদর্শনী হল পরিদর্শন করেন এবং এর বর্তমান অবস্থা, সক্ষমতা ও কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
এ সময় হাওজায়ে ইলমিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ আলেম ও ঐতিহাসিক ব্যক্তিত্বের সঙ্গে সংশ্লিষ্ট নানা দলিল, ছবি ও মূল্যবান নিদর্শন উপস্থাপন করা হয়। এসব নিদর্শনের ঐতিহাসিক ও গবেষণামূলক গুরুত্বের বিভিন্ন দিকও তুলে ধরা হয়।
কার্যক্রমের উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন
পরিদর্শনের ধারাবাহিকতায় কেন্দ্রটির আর্কাইভ কার্যক্রমের উন্নয়ন এবং হাওজা ও আলেম সমাজের ঐতিহাসিক দলিল শনাক্তকরণ, সংগ্রহ, শ্রেণিবিন্যাস, সংরক্ষণ ও ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরের বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।
এ ছাড়া হাওজায়ে ইলমিয়ার ইতিহাস নথিভুক্ত করা, আর্কাইভ সেবা সম্প্রসারণ, ঐতিহাসিক দলিলের তালিকা প্রস্তুত এবং হাওজার বিশিষ্ট আলেমদের বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক ঐতিহ্য পরিচিত করার ক্ষেত্রে কেন্দ্রটির নতুন কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত তুলে ধরা হয়।
আয়াতুল্লাহ আরাফি কেন্দ্রটির সক্ষমতা ও অর্জন পর্যালোচনা করে হাওজায়ে ইলমিয়ার ঐতিহাসিক পরিচয় সংরক্ষণ এবং এর প্রামাণ্য ঐতিহ্য রক্ষায় এ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।
দেশের হাওজায়ে ইলমিয়ার প্রধান শিয়া ইসলামের ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ দায়িত্বের কথা উল্লেখ করে ‘তিন মারজা’-আয়াতুল্লাহ হুজ্জাত কুহকামারি, আয়াতুল্লাহ খুনসারি ও আয়াতুল্লাহ সাদর (রহ.)-এর স্মরণে যথাযোগ্য মর্যাদায় একটি বর্ণাঢ্য সম্মাননা অনুষ্ঠানের আয়োজনের আহ্বান জানান। এই তিন মহান ব্যক্তিত্ব রেজা শাহের স্বৈরশাসনের সবচেয়ে অন্ধকার দিনগুলোতে কুমের হাওজায়ে ইলমিয়ার প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন।
হাওজার ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ: প্রতিরোধের উত্তরাধিকারীদের সম্মান জানানো জরুরি
হাওজায়ে ইলমিয়ার প্রধানের নথি সংরক্ষণ কেন্দ্রের বিভিন্ন বিভাগ পরিদর্শন কেবল ইতিহাসের পাতা উল্টে দেখার একটি সাধারণ কর্মসূচি ছিল না; বরং এটি ছিল ভবিষ্যতের জন্য একটি পথনির্দেশনা পুনর্মূল্যায়নের উদ্যোগ।
পরিদর্শনের এ পর্যায়ে রেজা শাহের স্বৈরশাসনকালীন দলিলপত্র এবং সে সময়ের হাওজার পরিচালনাসংক্রান্ত প্রচেষ্টাগুলো পর্যালোচনা করা হয়। ‘তিন মারজা’র নেতৃত্ব ও দায়িত্ব পালনের সময়কার দলিলের সামনে দাঁড়িয়ে আয়াতুল্লাহ আরাফি হাওজায়ে ইলমিয়ার তরুণ প্রজন্মের কাছে এ মূল্যবান ঐতিহাসিক সম্পদ যথাযথভাবে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এই তিন মহান ফকিহের অনন্য ভূমিকার কথা স্মরণ করে আয়াতুল্লাহ আরাফি বলেন, আজ কোমের হাওজায়ে ইলমিয়া যে বিশালতা, গতিশীলতা এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব নিয়ে উজ্জ্বল হয়ে আছে, তা ‘তিন মারজা’র দূরদর্শিতা, নীরব সাধনা ও বীরত্বপূর্ণ প্রতিরোধেরই ফল।
তিনি আরও বলেন, ফিকাহশাস্ত্রের এই মহান ব্যক্তিত্বদের স্মরণে সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা মূলত শিয়া মারজাইয়াতের নিপীড়ন-নির্যাতনের ইতিহাসের পাশাপাশি এর মর্যাদা, দৃঢ়তা ও প্রতিরোধের ইতিহাসকেও সম্মান জানানোর শামিল।
‘তিন মারজা’: রেজা শাহের স্বৈরাচারী যুগে হাওজার রক্ষাকর্তা
হাওজায়ে ইলমিয়ার প্রধানের এ নির্দেশনার গভীরতা উপলব্ধি করতে হলে ইতিহাসের পাতা উল্টে ১৩০০ হিজরি শামসির দশকে ফিরে যেতে হবে। সে সময় কোমের হাওজায়ে ইলমিয়ার প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ আল-উজমা শেইখ আব্দুল করিম হায়েরি ইয়াজদির ইন্তেকালের পর রেজা শাহের স্বৈরাচারী সরকার ধর্মীয় আলেম সমাজের প্রতিষ্ঠানগুলো ধ্বংস এবং আলেমদের পবিত্র পোশাকের ঐতিহ্য বিলুপ্ত করার জন্য সর্বাত্মক অভিযান শুরু করেছিল।
সেই দমন-পীড়ন ও ভীতিকর পরিবেশে ‘কশফে হিজাব’ বা নারীদের হিজাব খুলে দেওয়ার নীতি, মসজিদ ধ্বংস, ধর্মীয় মিম্বরের ওপর বিধিনিষেধ এবং মাদ্রাসার ছাত্রদের ওপর কঠোর নির্যাতন চালানো হচ্ছিল।
এমন সংকটময় পরিস্থিতিতে ফিকাহ ও তাকওয়ার তিন মহান স্তম্ভ-
- আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ মুহাম্মদ হুজ্জাত কুহকামারি (রহ.)
- আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ মুহাম্মদ তাকী খুনসারি (রহ.)
- আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ সাদরুদ্দিন সাদর (রহ.)
হাওজায়ে ইলমিয়ার নেতৃত্ব ও পরিচালনার গুরুদায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন।
ধর্মীয় প্রজ্ঞা ও আত্মত্যাগী প্রতিরোধের এক অনন্য দৃষ্টান্ত
ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায় বিশ্লেষণ করে আয়াতুল্লাহ আরাফি বলেন, ‘তিন মারজা’ তাঁদের প্রজ্ঞা, দুনিয়াবিমুখতা, ধৈর্য ও বিচক্ষণ রাজনৈতিক কৌশলের মাধ্যমে শুধু কোমের হাওজার প্রদীপই নিভে যেতে দেননি, বরং ছাত্রদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রেখে পরবর্তী সময়ে হাওজার বিকাশ এবং ইমাম খোমেনি (রহ.)-এর নেতৃত্বে ইসলামী আন্দোলনের উত্থানের পথও সুগম করেছিলেন।
তিনি বলেন, সংকটময় সেই পরিস্থিতিতে এই মহান ব্যক্তিত্বদের পরিচালনাপদ্ধতি ছিল ধর্মীয় প্রজ্ঞা, দূরদর্শিতা ও আত্মত্যাগী প্রতিরোধের এক অনন্য দৃষ্টান্ত।
নথি সংরক্ষণ কেন্দ্র ও হাওজা পরিচালনার জন্য বাস্তবায়নযোগ্য নির্দেশনা
আয়াতুল্লাহ আরাফির এ সুস্পষ্ট নির্দেশনার পর হাওজায়ে ইলমিয়ার প্রধান ‘তিন মারজা’র স্মরণে জাতীয় সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজনের জন্য একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন। এ লক্ষ্যে কয়েকটি কর্মসূচি নির্ধারণ করা হয়:
১. অপ্রকাশিত ঐতিহাসিক দলিল সংকলন ও প্রকাশ:
‘তিন মারজা’র নেতৃত্ব ও দায়িত্ব পালনের সময়কার অবশিষ্ট চিঠিপত্র, হাতে লেখা পাণ্ডুলিপি এবং আর্কাইভে সংরক্ষিত অপ্রকাশিত দলিলপত্র হাওজার নথি সংরক্ষণ কেন্দ্রের সহযোগিতায় প্রকাশ করা।
২. তাঁদের রাজনৈতিক ও ফিকাহগত জীবনাদর্শের বৈজ্ঞানিক বিশ্লেষণ:
উচ্চতর পর্যায়ের শিক্ষকদের মাধ্যমে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা সভা ও গবেষণামূলক অধিবেশনের আয়োজন করা, যাতে সংকট মোকাবিলায় এই মহান ব্যক্তিত্বদের পরিচালনাকৌশল ও সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি বিশ্লেষণ করা যায়।
৩. শিল্প ও গণমাধ্যমভিত্তিক কর্মসূচি গ্রহণ:
তরুণ প্রজন্ম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এই মহান ব্যক্তিত্বদের পরিচিত করে তুলতে আধুনিক তথ্যচিত্র, পডকাস্ট, গ্রাফিকস ও অন্যান্য গণমাধ্যমের সক্ষমতা কাজে লাগানো।
এই কৌশলগত উদ্যোগ থেকে স্পষ্ট হয় যে, হাওজায়ে ইলমিয়ার পরিচালনা কর্তৃপক্ষ বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সঙ্গে হাওজার ঐতিহ্যবাহী প্রতিরোধ, স্বকীয়তা, নিষ্ঠা ও প্রজ্ঞার শিকড়ের সম্পর্ক আরও দৃঢ় করতে বদ্ধপরিকর।
এটি এমন এক মূল্যবান ঐতিহ্য, যা আজকের আলেম সমাজের স্বাধীনতা, স্বকীয়তা ও গতিশীলতার অন্যতম শক্তিশালী ভিত্তি হিসেবে বিবেচিত।
আপনার কমেন্ট